Image description

কুমিল্লার বরুড়ায় প্রতিপক্ষের ওপর হামলার পর উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে জসিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধনিশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জসিম ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ মার্চ) ধনিশ্বর এলাকায় একটি বাঁশঝাড় নিয়ে স্থানীয় রাব্বি ও রোশন আলীর সঙ্গে জসিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঝগড়া মেটাতে আসা একই এলাকার দেলোয়ার, সোহাগ ও তানজিনা নামের এক নারীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন জসিম। ওই ঘটনায় জসিম নিজেও আহত হয়েছিলেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় জসিম পুনরায় তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ফয়েজ আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত থানায় যোগাযোগ করেন। পরে পুলিশের পরামর্শে জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও দাবি করেন, নিহত জসিম এলাকায় চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন।

বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মানবকণ্ঠ/ডিআর