নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আলী আজগর ভূঁইয়া লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ আদায় শেষে খোকন মাস্টার হাজিগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত সেখানে অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব ও সাদ্দামসহ একদল যুবক দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় বাড়ির নারীদেরও লাঞ্ছিত করার অভিযোগ করেছে পরিবারটি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত খোকন মাস্টার বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments