Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়া গ্রামে যৌতুকের টাকা না পাওয়ায় স্বামীর হাতে গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম ফারহানা (২৬)। তিনি মেঘনা থানার নলছটি গ্রামের কালাচাঁন মিয়ার মেয়ে।

নিহতের বাবা রবিবার (২২ মার্চ) সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলায় ফারহানার স্বামী সাগরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

নিহতের ছোট বোন তাঞ্জিনা জানান, সাগর প্রায়ই যৌতুকের জন্য বোনকে মারধর করতেন। কয়েক মাস আগে বিদেশ যাওয়ার জন্য ফারহানার পরিবার সাগরকে ৪ লাখ টাকা যৌতুক দিয়েছিল। বিদেশ থেকে ফিরে এসে আবারও যৌতুক দাবি করেন সাগর। এ নিয়ে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়।

রবিবার সকালে নিহতের ননদ তাঞ্জিনাকে ফোন করে জানানো হয় যে ফারহানা অসুস্থ। পরে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে ফারহানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সোনারগাঁ থানার ওসি মোঃ মহিবুল্লাহ নিজে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

ওসি মহিবুল্লাহ বলেন, এটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।