Image description

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনার তৃতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল থেকেই ৩ নম্বর ঘাট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে এখনো রিপন নামে একজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ রিপনের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপন রাজবাড়ী নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’র ওই বাসটিতে উঠেছিলেন। দুর্ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ রিপনকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।

উল্লেখ্য, দৌলতদিয়া ঘাটের এই ভয়াবহ দুর্ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বর্তমানে নিখোঁজ রিপনের সন্ধানে এবং নদীতে আর কোনো মরদেহ আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান জোরালো করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই