Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণের ঘটনায় আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৭ মার্চ) গ্রেপ্তার দুই আইনজীবীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইনজীবীরা হলেন— মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)।

মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর এবং মিজানুর রহমান (শামীম) জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও একই সংগঠনের সদস্য।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। মামলায় ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের আদালত প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মিছিল নিয়ে যান আইনজীবীরা। সেখানে তারা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের একটি সূত্র জানায়, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলনসহ ২৭ জনের নাম রয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।