Image description

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃত মো. পারভেজ হোসেন ইমন (২৭) পেশায় একজন কৃষি উপ-সহকারী কর্মকর্তা। তিনি সাটুরিয়ার কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় কান্দাপাড়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে পারভেজ হোসেন ইমন রাসূল (সা.)-এর বিবাহিত জীবন নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেন। এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উত্তেজিত জনতা কান্দাপাড়া জামে মসজিদ এলাকা থেকে ইমনকে আটক করে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিক্ষুব্ধ জনতা সাটুরিয়া-গোলড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে থানায় নিয়ে যেতে চাইলে জনতা বাধা দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কনস্টেবল মো. আরিফুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। সেনাবাহিনী ও পুলিশের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত হয় এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সাটুরিয়া থানার (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মকবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশের কড়া নজরদারি রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

মানবকণ্ঠ/ডিআর