চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর নাগাদ হঠাৎ হিমাগারটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই নিকটস্থ স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হিমাগারের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
মানবকণ্ঠ/আরআই




Comments