শরীয়তপুরে তেলের তীব্র সংকট: কৃষকদের ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভ
শরীয়তপুরে জ্বালানি তেলের চরম সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা। শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে শহরের মনোহর মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে তেল না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।
পরে প্রশাসনের উদ্যোগে লাইনে দাঁড়ানো প্রত্যেককে সর্বোচ্চ ৫ লিটার করে তেল সরবরাহ করা হলে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উত্তেজনা প্রশমিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক নেই। কোথাও সীমিত সরবরাহ, আবার কোথাও সম্পূর্ণ বন্ধ থাকায় কৃষক, পরিবহন চালকসহ সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। তেলের সরবরাহের খবর পেলেই বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, মোটরসাইকেল ও কৃষকরা ভিড় জমাচ্ছেন পাম্পগুলোতে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খল পরিস্থিতি।
বিক্ষোভরত কৃষকদের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। কোথাও নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রেই একেবারেই তেল মিলছে না। এর ফলে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আসন্ন ফসল নিয়ে গভীর উদ্বেগে পড়েছেন তারা।
কৃষকরা দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বলেন, এ সংকট দীর্ঘস্থায়ী হলে কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহি জানান, খোলা তেল বিক্রি নিষিদ্ধ থাকায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রথমে কৃষকদের তেল দিতে অপারগতা প্রকাশ করে। এতে পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে স্টেশনের রিজার্ভ পরীক্ষা করে প্রত্যেককে ৫ লিটার করে তেল সরবরাহের ব্যবস্থা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




Comments