Image description

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী দ্রুতগতির একটি স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের আরও অন্তত ১০ জন যাত্রী।

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু (৪৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের বাসটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর