Image description

বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিলে অংশ নিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চরমোনাই দরবারে পৌঁছালে মাহফিল প্রাঙ্গণে উপস্থিত লাখো মুসল্লির মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়।

জানা গেছে, ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বয়ান শেষে এনসিপি প্রতিনিধি দল তাঁর সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও ঘরোয়া মতবিনিময় সভায় মিলিত হয়। বৈঠকে দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে উভয় পক্ষ আলোকপাত করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ ও সাবেক ডাকসু নেতা আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল দিনভর মাহফিলে অবস্থান করবেন। বাদ জোহর মাহফিলের মূল মঞ্চে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁর এই ভাষণকে কেন্দ্র করে মাহফিলে আগতদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমানে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশে মুখর চরমোনাই এলাকা। এই ধর্মীয় সমাবেশে রাজনৈতিক ও ছাত্রনেতাদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/আরআই