Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। 

তিনি জানান, সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

শুক্রবার(৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। 

মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে। 

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।