ধনবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ
টাঙ্গাইলের ধনবাড়ীতে পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিন (৫০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত শাহাবুদ্দিন বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শাহাবুদ্দিন ওই এলাকার মৃত সোহরাব সরকারের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ চামেলী খাতুন বাদী হয়ে শুক্রবার রাতেই ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহাবুদ্দিন স্থানীয় কেরামজানি মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার হাতেম আলী ও তার ছেলে মামুন (২২), রাজু মিয়া (৫৫) ও তার ছেলে আব্দুর রহমানসহ (১৮) অজ্ঞাতনামা ৩-৪ জন ধারালো দা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা শাহাবুদ্দিনের মাথায় কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বিবাদীরা পুনরায় বাধা প্রদান ও মারধরের চেষ্টা করে বলে অভিযোগ করেন স্বজনরা।
হাসপাতালে চিকিৎসাধীন শাহাবুদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নামাজ শেষে বের হওয়ার পর বিবাদীরা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়। এখন তারা মামলা না করার জন্য আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
আহতের স্ত্রী চামেলী খাতুন বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে জানতে বিবাদী হাতেম আলীর বাড়িতে যোগাযোগ করা হলে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, “পল্লী চিকিৎসকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments