কলাপাড়ায় বিশেষ ব্যবস্থাপনায় জেলেদের মাঝে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ
পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার সমুদ্রগামী জেলেদের জ্বালানি সংকট নিরসনে বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। দরিদ্র জেলেদের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের নির্দেশে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) শেষ বিকেলে উপজেলার ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’ এবং আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘ফরাজী ট্রেডার্স’ পাম্পের মাধ্যমে এই জ্বালানি তেল বিতরণ করা হয়। এর মধ্যে বিসমিল্লাহ ফিলিং স্টেশনে ১৫ হাজার এবং ফরাজী ট্রেডার্সে ১২ হাজার লিটার ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ছোট, মাঝারি ও বড় ট্রলারগুলোকে তাদের চাহিদা অনুযায়ী ৪০০ থেকে ১০০০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই উদ্যোগের ফলে প্রায় ১০০টি ট্রলারের জেলেরা পুনরায় সাগরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আজ রোববারও এই জ্বালানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, আগামী ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞার আগে জেলেরা যেন অন্তত একবার সাগরে গিয়ে মাছ শিকার করতে পারেন, সেই লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।
মহিপুর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, "সরকারের এই উদ্যোগ জেলেদের বড় ধরনের সংকট থেকে রক্ষা করবে।"
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতায় সুষ্ঠুভাবে এই তেল সরবরাহ কার্যক্রম তদারকি করা হচ্ছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, জেলেদের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ডিজেল সরবরাহের জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে নিষেধাজ্ঞার আগে জেলেরা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পারেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments