Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে গেছে। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ৪২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি রোডের তালটিয়া নয়াবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচারীরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে একটি ড্রাম ট্রাক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ঢিলা করে দিয়ে যায়। পরদিন সকালে আরেকটি ট্রাক যাওয়ার সময় ওই ঢিলা তারে আটকে গেলে সজোরে টানে খুঁটিটি ভেঙে রাস্তার মাঝখানে পড়ে যায়। ঘটনার সময় আশেপাশে লোকজন না থাকায় বড় কোনো বিপদ ঘটেনি। দুর্ঘটনার পরপরই দায়ী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পূবাইল জোনাল অফিসের ডিজিএম জানান, ট্রাকের ধাক্কায় তারে টান লেগে খুঁটিটি ভেঙে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত খুঁটি পরিবর্তন ও মেরামতের কাজ চলছে। সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে, কাজ শেষ হলেই সরবরাহ স্বাভাবিক হবে।

মানবকণ্ঠ/ডিআর