Image description

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দুই যুগ ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ‘মধ্যম কানাইমাদারি আদর্শ পাড়া নতুন বাড়ির’ এই প্রধান সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী। ফলে ৩টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অবহেলা ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতার কারণে সড়কটির কোনো উন্নয়ন হয়নি। সরেজমিনে দেখা গেছে, সড়কটির অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। পুরো রাস্তায় কাদা আর বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এছাড়া সড়কের এক পাশে থাকা খালের ভাঙন সড়কটিকে আরও সংকীর্ণ করে তুলেছে।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "ভাঙনের কারণে সড়কের একটি অংশ বিলীন হতে চলেছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। জরুরি প্রয়োজনে কোনো রোগী নিয়ে যাওয়ার মতো অবস্থাও এখন নেই।"

আরেক বাসিন্দা নাছির উদ্দীন জানান, এই সড়কটি আশপাশের ৩-৪টি বিল এলাকার কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম। চন্দনাইশের প্রসিদ্ধ ‘মুন্দারের চর’ থেকে বিপুল পরিমাণ শাকসবজি এই পথেই বাজারে আসে। সড়কের বেহাল দশার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে চরম বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহাদুর বলেন, "সড়কটির অবস্থা সত্যিই খুব খারাপ। আমরা সংস্কারের চেষ্টা করছি। দ্রুত সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা কামনা করব।"

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব হোসেন বলেন, "বিষয়টি আমার জানা ছিল না। স্থানীয় জনপ্রতিনিধি বা এলাকাবাসী আবেদন করলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নিব। আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।"

দীর্ঘ দুই দশকের এই জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মানবকণ্ঠ/ডিআর