Image description

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিজেদের জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মৃত আবু সামার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যান। এসময় সেচ পাম্পের (মোটর) একটি বৈদ্যুতিক তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত রফিকুল ওই তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে থাকা ভাগ্নে নুর আলম তাঁকে বাঁচাতে ছুটে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসতর্কতার কারণে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সেচ মোটরের বিদ্যুৎ লাইনে লিকেজ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর