পাকুন্দিয়ায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এর প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইজহাটি পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নিজাম উদ্দিন।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি




Comments