Image description

হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশ বৈঠক চলাকালে দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলী মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।