Image description

মাদারীপুর পৌর শহরে একদল সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে একটি মিনি ট্রাক ব্যবহার করে শহরের পৃথক তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে এই লুটপাট চালায় চক্রটি। এসময় ইজিবাইকের ব্যাটারি, কেমিক্যাল ও ওয়েল্ডিং রডসহ অন্তত ৩৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। বাধা দিতে গেলে এক নৈশপ্রহরীকে মারধর করে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রাখা হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত চারটার দিকে শহরের শহীদ বাচ্চু সড়ক সংলগ্ন ‘সাইফুল্লাহ এন্টারপ্রাইজ’-এর শাটার ভেঙে চোরেরা ভেতরে ঢোকে। সেখান থেকে ঢালাইয়ের কাজে ব্যবহৃত পাঁচ ড্রাম কেমিক্যাল ট্রাকে তুলে নেয় তারা। একই সময় পাশের দোকান ‘মেসার্স জাকির স্টিল’ থেকে প্রায় তিন লাখ টাকার ওয়েল্ডিং রড লুট করে নিয়ে যায় চক্রটি। জাকির স্টিলের মালিক স্বপন খান জানান, এই চুরিতে তার বিশাল আর্থিক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্টু ভুঁইয়া সড়কে অবস্থিত একটি দোকান থেকে প্রায় ২৫০টি ইজিবাইকের ব্যাটারি চুরি হয়। দোকান মালিক মোহাম্মদ কিসলু জানান, লুণ্ঠিত ব্যাটারির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। চুরির সময় ওই এলাকার এক নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা তাকে নির্মমভাবে মারধর করে এবং মুখ বেঁধে রাস্তায় ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের ধারণা, তিনটি চুরিতেই একই চক্র জড়িত, কারণ সবকটি সিসিটিভি ফুটেজে একটি মিনি ট্রাকের উপস্থিতি দেখা গেছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “আমরা প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। জড়িত চোরচক্রকে শনাক্ত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, এক রাতে শহরের তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, শহরে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে পুলিশি টহল জোরদার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহরবাসী।

মানবকণ্ঠ/ডিআর