Image description

দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক দুটি সফল অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১ হাজার ১১৩ বোতল মাদক জব্দ করার পাশাপাশি একজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবা (১০ এপ্রিল) রাত ১টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে একটি অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামি মো. তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বসতঘরের পাশের খালি জায়গা থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল মাদক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

অন্যদিকে, একই দিন সকাল ৭টা ২০ মিনিটে কোতোয়ালি থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাঁকিলাদীঘি এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে একটি নির্মাণাধীন বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩৪ বোতল আরসিকাফ ও ২০০ বোতল ফেনসিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল মাদক জব্দ করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মো. আইন উদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি আইন উদ্দীন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিলেন। জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অপর আসামিকে ধরতেও র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর