Image description

কুমিল্লার নাঙ্গলকোটে একটি নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের কাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাপানী ইউনিয়নের কাকরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বদরপুর গ্রামের সৌদি প্রবাসী কাজী ওসমান ও লোকমান হোসেনের নির্মাণাধীন ৫ তলা ভবনে কাজ করছিলেন মোস্তাফিজুর। রোববার সকালে ভবনের ছাদের সেন্টারিং এর বাঁশ খোলার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, ভবনটির ঠিকাদার শ্রমিকদের প্রয়োজনীয় কোনো নিরাপত্তা সরঞ্জাম (সেফটি গিয়ার) দেননি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অকালে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর