Image description

সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের গর্তে পড়ে সোবাহান খাঁ (২৯) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোবাহান মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁ’র ছেলে। তিনি গত শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, গত ১১ এপ্রিল সোবাহানের মৃত্যু হলেও রোববার রাতে তার পরিবার মৃত্যুর খবরটি পায়। ধারদেনা করে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ডাসার উপজেলার জনৈক দালালের মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর উন্নত জীবনের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রবাসে যাওয়ার মাত্র ৫ মাসের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।

স্বজনরা জানান, গত ৭ এপ্রিল রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের জন্য রাখা ফাঁকা গর্তে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান সোবাহান। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোবাহানের মৃত্যুতে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় তার ভাড়া বাসায় এখন শোকের মাতম চলছে। স্ত্রী ও ৫ সন্তান নিয়ে সোবাহানের পরিবার এখন দিশেহারা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং প্রবাসে যাওয়ার ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।

নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী। একইসঙ্গে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা।

মানবকণ্ঠ/ডিআর