Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ছয়জন প্রহরীকে বেঁধে রেখে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাতে চা বাগানের অভ্যন্তরে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। এতে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সংঘবদ্ধ চোরচক্র বাগানের বিদ্যুৎ সরবরাহ লাইনের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে হানা দেয়। এসময় তারা সেখানে দায়িত্বরত ছয়জন নিরাপত্তা প্রহরীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে কোনো বাধা ছাড়াই খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে প্রহরীরা নিজেদের মুক্ত করে বাগান কর্মকর্তাদের বিষয়টি জানান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

নোয়াপাড়া চা বাগানের এক কর্মকর্তা জানান, “চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রহরীরা প্রতিরোধ করার সুযোগই পায়নি। এই চুরির ফলে বাগানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চা উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে চোরচক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন, ইদানীং বাগান এলাকায় ট্রান্সফরমার চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও বাগান এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর