ঢাকার সাভারে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ হৃদয় হোসেন নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন স্থানে ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তিনি সাভারের সাবেক এক ছাত্রলীগ নেতা। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনায় তিনি সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় শিক্ষার্থীদের ওপর তার হামলার একাধিক ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, "গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে জড়িত তার অন্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments