Image description

গাজীপুরের টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে নজিরবিহীন এক মানবপ্রাচীর তৈরি করেছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল যাওয়ার পথে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সড়কের নিচে এবং মহাসড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন চারপাশ। একপর্যায়ে তারা মহাসড়কে মানবপ্রাচীর তৈরি করে গাড়িবহরের গতি কমিয়ে দেন এবং নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, "আমার ভাই নূরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে একটি বানোয়াট মামলায় কারাবন্দী। আমরা এই প্রবীণ রাজনীতিকের প্রতি ন্যায়বিচার এবং তার অবিলম্বে মুক্তি দাবি করছি।" এসময় নূরুল ইসলাম সরকারের একমাত্র ছেলে সরকার শাহনূর ইসলাম রনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় দাবিদাওয়া তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বহরে থাকা একটি বিশেষায়িত বাসের সামনের আসনে বসে তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামী করা হয়। ২০০৫ সালে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও ২০১৬ সালে উচ্চ আদালত সেই সাজা বহাল রাখেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাকে দীর্ঘ সময় বন্দী রাখা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর