‘আওয়ামী লীগ আমলে ভাত খাব না’, ১৪ বছর পর প্রতিজ্ঞা ভাঙলেন ৭৯ বছর বয়সী বৃদ্ধ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বৃদ্ধের দীর্ঘ ১৪ বছরের কঠিন প্রতিজ্ঞা পূরণ করলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের দিনে উপজেলার পশ্চিম জগতচর এলাকার ৭৯ বছর বয়সী ইুনু মিয়ার দীর্ঘদিনের অনশন ভাঙিয়ে তাকে নিজ হাতে ভাত খাওয়ান প্রতিমন্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জগতচর এলাকার সুলয়মান মিয়ার ছেলে ইুনু মিয়া দীর্ঘ ১৪ বছর আগে একটি নির্বাচনী কেন্দ্রে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছিলেন। সেই ক্ষোভ থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন— ‘আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তিনি ভাত খাবেন না।’
সেই থেকে গত ১৪ বছর ধরে তিনি ভাত স্পর্শ করেননি। ভাতের বদলে রুটি ও অন্যান্য খাবার খেয়ে তিনি জীবনধারণ করেছেন। ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও ইুনু মিয়া অপেক্ষা করছিলেন তার প্রিয় নেতা স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফুল আলমের জন্য। তিনি জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী এসে তাকে ভাত খাওয়ালেই তিনি পুনরায় অন্ন গ্রহণ শুরু করবেন।
অবশেষে ১৪ এপ্রিল দুপুরে প্রতিমন্ত্রীর আগমনে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসে। প্রতিমন্ত্রী শরীফুল আলম ইুনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাশে বসিয়ে নিজ হাতে ভাত খাইয়ে তার ১৪ বছরের প্রতিজ্ঞা পূরণ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ইুনু মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও দুই ছেলে ইকবাল হোসেন ও জাকির হোসেন জানান, বহুবার অনুরোধ করা সত্ত্বেও তিনি কখনো ভাত খাননি। নিজের প্রতিজ্ঞায় তিনি সবসময় অটল ছিলেন। তার এই দীর্ঘ ত্যাগের অবসান হওয়ায় তারা পরিবারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের সভাপতি আজহার উদ্দিন লিটন, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া প্রমুখ।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।




Comments