Image description

বগুড়ার শাজাহানপুরে সাত বছর বয়সী এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই শিশুটির বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী শিশুটির পরিবার ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। তার বাবা স্থানীয় আড়িয়া বাজার মাছের আড়তের একজন শ্রমিক।

এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে শিশুটি তার মায়ের খোঁজে বাড়ির পাশে অভিযুক্ত আমজাদ হোসেনের দোকানে যায়। এসময় দোকানদার আমজাদ হোসেন শিশুটিকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে দোকানের ছাদে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযুক্ত আমজাদ হোসেন ওই এলাকার মৃত শুকুর প্রাং-এর ছেলে এবং স্থানীয়ভাবে চাল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সচেতন মহল এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযুক্ত আমজাদ হোসেনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর