Image description

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে সিঁধ কেটে চুরির ঘটনা এখন ‘মহামারি’ আকার ধারণ করেছে। গত কয়েক রাতে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দফায় দফায় চুরির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে মধুপুর গ্রামে অন্তত ৭টি বাড়িতে সিঁধ কেটে চুরি হয়। চোরেরা টিনের ঘরের পেছনের দেয়াল বা মাটির অংশ কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এর পরের রাতেই একই গ্রামের মধ্যপাড়ায় ৩টি এবং পাশের ফকিরপাড়া গ্রামে ১টি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে।

চুরির এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সবশেষ গত বুধবার দিবাগত রাতে মধুপুর প্রামানিকপাড়ায় আবারও দুটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, চোরচক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে গভীর রাতে এসব চুরি করছে। গ্রামবাসী পালাক্রমে পাহারা দিয়েও চোরদের দৌরাত্ম্য থামাতে পারছেন না।

মধুপুর প্রামানিকপাড়ার ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, "গ্রামে চুরির ঘটনা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। আমরা রাতে ঘুমাতে পারছি না, চরম আতঙ্কে দিন কাটছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানাই।"

চুরির কারণ সম্পর্কে দেউলী ইউনিয়নের সাবেক সদস্য আনারুল আকন্দ বলেন, "সমাজে মাদকাসক্তদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকের টাকা জোগাড় করতেই এসব মাদকসেবী এখন চুরি ও ছিনতাইয়ের পথে পা বাড়াচ্ছে। সমাজকে মাদকমুক্ত করতে না পারলে এই অপরাধ দমন করা কঠিন।"

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, মধুপুর গ্রামে সিঁধ কেটে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর