মুন্সীগঞ্জে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে টাকার লোভ দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে আল মামুন ফরাজী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল মামুন ফরাজী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চরবাদকাটি গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে লৌহজং উপজেলার বাশীরা গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) বাশীরা গ্রামে ওই প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আল মামুন। এসময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লৌহজং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং আজ ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযোগ পাওয়ার পরপরই আমরা গুরুত্বের সাথে তদন্ত শুরু করি এবং আজ ভোর ৫টার দিকে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments