বাংলাদেশের চা বাগানের শ্রমিকদের মধ্যে চক্ষুসেবা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথলিন শেরউইন। শনিবার সিলেটের জাফলং চা বাগান পরিদর্শনকালে ‘টি গার্ডেন প্রকল্প’-এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় শেরউইন বলেন, চা শ্রমিকরা মানসম্মত চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার।
তিনি বলেন, “চা বাগানের শ্রমিকরা প্রায়শই চক্ষুসেবাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বাইরে থাকেন। এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে চক্ষু পরীক্ষা সম্প্রসারণ এবং সময়মতো চিকিৎসা প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধ করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।”
পরিদর্শনের সময় শেরউইন প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা, দৃষ্টি সমস্যা শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য সঠিক প্রতিষ্ঠানে রেফার করার কার্যক্রম সরাসরি দেখেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি অফিস এবং সহযোগী সংস্থা নয়ন-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শেরউইন সিলেটে অরবিসের সহযোগী হাসপাতাল ‘ইনক্লুসিভ আই হসপিটাল’ পরিদর্শন করেন। সেখানে তিনি চক্ষুসেবা ব্যবস্থা আরও জোরদার করার চলমান প্রচেষ্টা নিয়ে ডাক্তার ও কর্মীদের সঙ্গে আলোচনা করেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও নয়ন-এর সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এএইচএম এনায়েত হোসেন তাঁকে স্বাগত জানান।
শেরউইন কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট (সিসিএসপি)-এর কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এটি দেশের সবচেয়ে বড় চলমান ছানি সেবা প্রকল্প, যার লক্ষ্য দুই বছরের মধ্যে দরিদ্র রোগীদের মধ্যে ১ লাখ ছানি অপারেশন এবং ১০ লাখ চক্ষু পরীক্ষা সম্পন্ন করা। প্রকল্পটি বর্তমানে ৫৯টি জেলায় বাস্তবায়িত হচ্ছে।
এছাড়া তিনি আমুন্দ ফাউন্ডেশনের সহায়তায় জৈন্তাপুরে প্রতিষ্ঠিত ‘উইমেন-লেড গ্রিন ভিশন সেন্টার’ পরিদর্শন করেন। অরবিসের উদ্যোগে চালু হওয়া এই নতুন মডেল নারী ক্ষমতায়নের পাশাপাশি চক্ষুসেবাকে টেকসই করছে বলে প্রশংসা করেন শেরউইন।
বাংলাদেশে অরবিসের চলমান কর্মসূচি পর্যালোচনা, প্রকল্প অংশীদারদের সঙ্গে আলোচনা এবং দেশের চক্ষু স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ অন্বেষণের লক্ষ্যে ক্যাথলিন শেরউইন বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
অরবিস ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব নির্মূল, দৃষ্টিশক্তি পুনরুদ্ধার এবং টেকসই চক্ষুসেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে সহায়তা করে আসছে এই আন্তর্জাতিক সংস্থা।




Comments