Image description

চট্টগ্রামের সীতাকুন্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মো.রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছে। 

মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলার বাড়বকুন্ড রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৃত আমীর হোসেনের পুত্র। কাজের সুবাদে বর্তমানে তিনি সীতাকুন্ডের রেল গেইট এলাকায় বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা  গেছে। 

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.রাশেদ রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চাঁদপুর থেকে ভোরে ছেড়ে আসা চট্টগ্রাম মুখী মেঘনা এক্সপ্রেস ট্রেন ডাউন লাইনে বাড়বকু- স্টেশন এলাকা অতিক্রমকালে রেল লাইনে কর্মরত শ্রমিক আপ লাইনে উঠে দাড়ান। এই সময় আপ লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি ট্রেনের নিচে কাটা পড়েন রফিকুল। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনা পরবর্তীতে নিহত শ্রমিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।