কুড়িগ্রামে সুপারির বস্তায় গাঁজা পাচার, নারীসহ আটক ২
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাস টার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় এক নারী মাদক ব্যবসায়ী ও এক অটো রিকশা চালককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোন্তাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল এই অভিযান চালায়। অভিযানে বাস টার্মিনাল এলাকায় অটোরিকশা যোগে গাঁজা পাচারের সময় ওই নারীসহ চালককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী মোছাম্মৎ মাহমুদা বেগম (৫৫) এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের নজরুলের ছেলে অটোরিকশা চালক আজিমুদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা পাথরডুবি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারির বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে অটোরিকশা যোগে ভুরুঙ্গামারী বাস টার্মিনালে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ অটোরিকশাটি তল্লাশি চালিয়ে সুপারির বস্তার ভেতর বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মোন্তাসির মামুন মুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments