ইতালি নেওয়ার প্রলোভনে লিবিয়ায় পাচার, মুক্তিপণ দিয়েও ফিরল না ছেলে
মাদারীপুরে আকাশপথে সরাসরি ইতালিতে পাঠানোর নামে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে আলভী খান (২৫) নামের এক যুবক ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। লিবিয়ায় আটকে রেখে দফায় দফায় মুক্তিপণ আদায়ের পর গত ৪ এপ্রিল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দালালচক্র। নিখোঁজ ছেলের সন্ধান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
নিখোঁজ আলভী খান মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান দালাল রাতুল হাওলাদার (২৮) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে স্বজনরা জানান, আলভীকে সরাসরি বিমানে করে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ২১ লাখ টাকায় চুক্তি করে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য রাতুল হাওলাদার। ২০২৫ সালের ১৫ অক্টোবর চুক্তির পুরো টাকা পরিশোধ করে আলভীর পরিবার। এর চারদিন পর ১৯ অক্টোবর আলভীকে বিমানে করে সৌদি আরব নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাকে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে দালালচক্র।
সেখানে আলভীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে সেই অডিও রেকর্ড পরিবারের কাছে পাঠিয়ে বড় অংকের মুক্তিপণ দাবি করা হয়। ছেলের জীবন বাঁচাতে বাধ্য হয়ে গত ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরও ২২ লাখ টাকা মুক্তিপণ দেয় পরিবার। এরপরও দালালচক্র আরও টাকা দাবি করলে পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ এপ্রিল থেকে আলভীর সাথে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি।
ছেলের কোনো খোঁজ না পেয়ে গত ১৯ এপ্রিল আলভীর বাবা বাদী হয়ে রাতুলসহ ৬ জনের নামে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “আলভী নামের ওই যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে মূল আসামি রাতুল হাওলাদারকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে এবং ভুক্তভোগী যুবককে উদ্ধারের বিষয়ে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments