Image description

সারাদেশে চলমান তীব্র তাপদাহ এবং অতিষ্ঠ লোডশেডিংয়ের জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, ঠিক তখনই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্তত দুটি বিভাগে ভারী থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে।

এতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস আরও জানায়, এই বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হবে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপপ্রবাহ এখনই পুরোপুরি কমবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশসহ মূলত পরিষ্কার আবহাওয়া থাকলেও ২৬ ও ২৭ এপ্রিলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।