সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে শান্ত দাস (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাচনা বাজার এলাকার একটি দোকানের গোডাউন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শান্ত দাস উপজেলার সাচনা দক্ষিণপাড়া গ্রামের চন্দন কুমার দাসের ছেলে। তিনি গত ৮-৯ মাস ধরে সাচনা বাজারের ‘মেসার্স শ্রী রামকৃষ্ণ ভাণ্ডার’ নামক একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং ওই দোকানের গোডাউনেই রাতযাপন করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে শান্ত দাস তার ফেসবুক আইডিতে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘শেষ স্মৃতি’। এরপর রাত আনুমানিক ৮টার দিকে দোকানের অন্য এক কর্মচারী দিপু কর্মকার গোডাউনের দ্বিতীয় তলায় মালামাল আনতে গেলে শান্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments