নীলফামারীর ডিমলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরবী আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ডিমলা সদর ইউনিয়নের সর্দারের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরবী আক্তার ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে। সে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরবী বাইসাইকেলযোগে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ডিমলা মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিল। পথে সর্দারের হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরবী সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরবীর প্রতিবেশী আব্দুল আলীম জানান, রংপুর হাসপাতালে পৌঁছানোর আগেই আরবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments