প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশিদুজ্জামান মোড়লের আপন বোন রওশনারা মোড়ল (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা রওশনারা মোড়ল ছিলেন ২নং কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান মোড়লের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে, সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। বোনের মৃত্যুসংবাদ পেয়ে তার মেয়ে মৃত্তিকা জামান পিতার প্যারোলে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
কড়া পুলিশি প্রহরায় সোমবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রশিদুজ্জামান মোড়ল বোনের বাড়িতে পৌঁছান। এ সময় তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে।
পরে রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার সকল আনুষ্ঠানিকতা শেষে রশিদুজ্জামান মোড়ল স্বল্প সময়ের জন্য স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রাতেই তাকে পুনরায় পুলিশি প্রহরায় যশোর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।




Comments