খুলনার দাকোপ উপজেলার পশুর নদী তীরবর্তী বাণীশান্তা যৌনপল্লী এখন তীব্র নদী ভাঙনের মুখে পড়েছে। প্রমত্তা পশুর নদীর অব্যাহত ভাঙনে বিলীন হতে চলেছে কয়েক দশকের পুরনো এই পল্লীটি। ইতোমধ্যে পল্লীর একাংশ নদীগর্ভে তলিয়ে গেছে এবং বাকি অংশে বড় বড় ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার কয়েকশ বাসিন্দা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পশুর নদীর তীব্র স্রোতে পল্লীর সীমানা ক্রমশ ছোট হয়ে আসছে। ভাঙনের কবলে পড়ে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানকার বাসিন্দারা মূলত সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারী। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারাতে বসে তারা এখন দিশেহারা। অশ্রুসিক্ত চোখে এক বাসিন্দা বলেন, "নদী আমাদের সব কেড়ে নিচ্ছে। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই। সমাজ আমাদের এমনিতেই ভালো চোখে দেখে না, এখন এই ঘরটুকু হারালে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?"
বাণীশান্তা যৌনপল্লীর ভারপ্রাপ্ত সভানেত্রী লাভলী বেগম (৩৮) জানান, নদী ভাঙনের কারণে ঘর সরাতে সরাতে এখন আর জায়গা অবশিষ্ট নেই। তিনি আক্ষেপ করে বলেন, "নদীতে ঘর ভেঙে যায়, আবার কিছুটা পিছিয়ে গিয়ে নতুন করে তৈরি করতে হয়। এভাবে কি জীবনযাপন করা যায়? এখানে ১০০টি পরিবারের প্রায় ১২৫ জন মানুষ বসবাস করছি। দুর্যোগের নাম শুনলে ভয়ে বুক কাঁপে, নদী থেকে সরাসরি ঝড় এসে আমাদের ঘরে লাগে। এছাড়া আমাদের প্রচণ্ড খাবার পানির সংকট। অনেক দূর থেকে নৌকায় করে পানি কিনে আনতে হয়। চারপাশে সব লবণ পানি। আমাদের দুঃখ দেখার কেউ নেই।"
পল্লীর বাসিন্দাদের সংগঠনগুলো জানাচ্ছে, ভাঙনের ফলে এখানকার নারীরা শুধু বসতভিটা নয়, বরং তাদের আয়ের একমাত্র উৎসটিও হারাচ্ছেন। দীর্ঘস্থায়ী কোনো পুনর্বাসন পরিকল্পনা না থাকায় তারা ভবিষ্যৎ অন্ধকার দেখছেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু বলেন, "এই পল্লীর বাসিন্দাদের জীবনযাপন খুবই কষ্টের, আমি নিজে গিয়ে তা দেখেছি। নদী ভাঙনে তাদের অবস্থা সত্যিই শোচনীয়। তাদের পুনর্বাসনে কোনো স্থায়ী ব্যবস্থা করা যায় কি না, সে ব্যাপারে আমরা গুরুত্বের সাথে ভেবে দেখবো।"
খুলনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির মাজহার জানান, বাণীশান্তা এলাকার নদী ভাঙনের বিষয়টি তাদের নজরে আছে। তবে বর্তমানে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকায় তাৎক্ষণিক কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। বাজেট পেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, বাণীশান্তা যৌনপল্লীর এই বাসিন্দারা সমাজের অংশ হলেও বিপদে তাদের পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব। নদীর আগ্রাসী ক্ষুধা থেকে এই প্রান্তিক মানুষের শেষ আশ্রয়টুকু বাঁচাতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments