সাতকানিয়ায় যুবক হত্যা: মামলা দায়েরের ২৪ ঘণ্টায় এজাহারনামীয়সহ গ্রেফতার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় যুবক শাহাদাত হোসেনকে পিটিয়ে হত্যার আলোচিত ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় এক আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন; সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩১) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার মো. ইসমাইল (২৭)। এদের মধ্যে সাইফুল এজাহারভুক্ত আসামি এবং ইসমাইল তদন্তে উঠে আসা সন্দেহভাজন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেন (৩০) সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়ার বাসিন্দা। গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে দক্ষিণ ঢেমশার সামির হোটেল সংলগ্ন নিজের দোকানের সামনে বসেছিলেন তিনি। এ সময় লোহার রড, হকিস্টিক, লাঠি ও হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
এলোপাতাড়ি মারধরে গুরুতর জখম হন শাহাদাত। মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোর ৬টা ৪৩ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সোমবার সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি রুজু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলা রুজুর পরপরই বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।




Comments