Image description

চাঁদপুরের কচুয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজীগঞ্জ-গৌরীপুর আঞ্চলিক সড়কের ডুমুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি পেশায় একটি যাত্রীবাহী বাসের শ্রমিক (স্টাফ) ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাসের মালিকের মোটরসাইকেল নিয়ে জ্বালানি তেল সংগ্রহের উদ্দেশ্যে পাম্পে যাচ্ছিলেন সাগর। পথে ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে অথবা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর