Image description

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে। এ নিয়ে জেলাটিতে হামের উপসর্গ নিয়ে মোট দুই শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে আমির হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৪ জন শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে ১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে আমির হামজার অবস্থা জটিল হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর