নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে স্থানীয় লিটল কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে টুম্পা একই থানার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে এবং একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতদের মা-বাবা উভয়েই স্থানীয় গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। তারা সোনাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে ফারিয়া গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে যায় ছোট শিশু টুম্পা। এ সময় দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সন্তানদের এমন মর্মান্তিক মৃত্যুতে সোনাবো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন গার্মেন্টস শ্রমিক মা-বাবারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments