Image description

কুমিল্লার মুরাদনগরে বসতবাড়ির আঙিনায় নিষিদ্ধ মাদক গাঁজা চাষ করার অভিযোগে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মহিউদ্দিন ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক।

রোববার (০৩ মে) ভোররাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ মহিউদ্দিনের বাড়ি ঘেরাও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন তার বসতঘরের পূর্ব পাশে খালি জায়গায় গাঁজা চাষের কথা স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে ৪টি বড় ও তাজা গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।” সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মানবকণ্ঠ/ডিআর