Image description

রাজধানী ঢাকা থেকে অপহৃত ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন মাহিরের (২৩) অর্ধগলিত মরদেহ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অদূরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহির ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা মাহিরকে অপহরণ করে। পরে তাকে রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মাহিরের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা জানান, ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।