নওগাঁর রাণীনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে (শনিবার) সকালে ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। দুপুরে টিফিন বিরতির সময় সে বাড়ি থেকে খাবার খেয়ে পুনরায় স্কুলে ফিরছিল। পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, গত সোমবার ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এরপর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রাম্য সালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে ন্যায়বিচারের স্বার্থে ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমার মেয়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের বিচার পেতে আমরা থানায় মামলা করেছি। আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, মামলার পরপরই রাতেই অভিযান চালিয়ে আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments