দেশীয় সম্পদ কাজে লাগিয়েই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের নিজস্ব জ্বালানি সম্পদ কাজে লাগিয়েই টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিদেশনির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “গত ১৭ বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। অথচ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে অনেক আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী মনে করেন এটি জনগণের সরকার। তাই দেশের সম্পদ জনগণের কল্যাণেই ব্যবহার করা হবে।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে জ্বালানি আমদানি করব? দেশের উন্নয়নের প্রধান শর্তই হলো নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা।”
মন্ত্রী জানান, সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সম্মতির ভিত্তিতেই কাজ পরিচালনা করছে। তিনি বলেন, “আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এবং স্থানীয়দের সন্তুষ্ট করে দেশের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে।”
এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং খনিগুলোর উৎপাদন কার্যক্রম ও সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এ জেড এম রেজওয়ানুল হক।
মানবকণ্ঠ/ডিআর




Comments