কসবায় ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ফাহাদ ওই গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। খেলা চলাকালীন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ফাহাদ গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।
ফাহাদের সহপাঠীদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ও গ্রামজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments