ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফিন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আপন আলী মাতাব্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফিন ওই বাড়ির মো. রুবেলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাফিনের মা বাড়ির পাশের মাঠে ধান শুকাতে দিয়েছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে দ্রুত ধান সরাতে ব্যস্ত হয়ে পড়েন। মায়ের অগোচরে এ সময় অসাবধানতাবশত মাঠ সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু রাফিন। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে মা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে রাফিনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউলি ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments