Image description

রংপুরের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. আলমগীর হোসেনের বদলির আদেশ জারি হলেও তিনি এখনো কর্মস্থল ছাড়েননি। সরকারি নির্দেশ অমান্য করে এক মাসেরও বেশি সময় ধরে তিনি আগের কর্মস্থলেই বহাল থাকায় প্রশাসনের শৃঙ্খলা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আলমগীর হোসেনকে পীরগঞ্জ থেকে রংপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে বদলি করা হয়। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, সংশ্লিষ্ট কর্মচারী ১২ এপ্রিলের মধ্যে অবমুক্ত হবেন, অন্যথায় ১৩ এপ্রিল থেকে তিনি 'তাৎক্ষণিক অবমুক্ত' (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

কিন্তু আদেশ জারির ৩২ দিন অতিবাহিত হলেও আলমগীর হোসেন নতুন কর্মস্থলে যোগদান না করে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। 

অভিযোগ উঠেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ উপায়ে ‘ম্যানেজ’ করেই তিনি সরকারি আদেশ তোয়াক্কা না করে পীরগঞ্জেই রয়ে গেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, রংপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শিখা রানী রায় দাবি করেন, তিনি আলমগীর হোসেনকে পীরগঞ্জে থাকার জন্য ‘মৌখিক অনুমতি’ দিয়েছেন। তবে সরকারি প্রজ্ঞাপন বা লিখিত আদেশের বাইরে মৌখিক অনুমতির কোনো বৈধতা আছে কি না—এমন প্রশ্নে তিনি ফোন কেটে দেন।

রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় জানান, "বিষয়টি আপনাদের মাধ্যমেই প্রথম জানলাম। বদলির আদেশ কার্যকর না হওয়ার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সরকারি নির্দেশ অমান্য করে একজন কর্মচারী কীভাবে দিনের পর দিন একই কর্মস্থলে বহাল থেকে দাপ্তরিক কাজ করছেন, তা নিয়ে এলাকায় ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর