নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মো. মোহন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) পলাতক রয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার ফাজিল পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মোহন ওই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত বৃহস্পতিবারও কোনো একটি বিষয় নিয়ে মোহন ও তার বাবাকে মারধর করেন উজ্জ্বল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে ঘর থেকে একটি বটি এনে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
এ সময় মোহনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে উজ্জ্বল দ্রুত পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরও বলেন, "অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments